শিক্ষা

২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ব্র্যাক নেক্সটজেনের চূড়ান্ত আয়োজন

২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ব্র্যাক নেক্সটজেনের চূড়ান্ত আয়োজন

নৃত্য, সংগীত, চিত্রশিল্প ও সামাজিক উদ্ভাবনে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরেছে ব্র্যাক সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা। প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ব্র্যাক নেক্সটজেন ২০২৬’-এর চূড়ান্ত আয়োজন।

শনিবার (২১ নভেম্বর) সাভারে ব্র্যাক সিডিএমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা আবিষ্কার, সৃজনশীলতা বিকাশ এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নিয়েছে ব্র্যাক।

এবারের আয়োজনে দুটি ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা চারটি বিভাগে অংশ নেয়। বিভাগগুলো হলো নৃত্যের জন্য ‘মুভ’, সংগীতের জন্য ‘ভয়েস’, চিত্রশিল্পের জন্য ‘ক্যানভাস’ এবং সামাজিক উদ্ভাবনের জন্য ‘সলভ’।

বিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা ও বাছাই শেষে ৫৮ জন শিক্ষার্থীকে পরবর্তী পর্যায়ের জন্য নির্বাচিত করা হয়। তারা তিন দিনব্যাপী মেন্টরিং বুটক্যাম্পে অংশ নিয়ে বিশেষজ্ঞদের দিকনির্দেশনা ও হাতে-কলমে প্রশিক্ষণ নেয়। চূড়ান্ত আয়োজনে নৃত্য ও সংগীত পরিবেশনা, চিত্রকর্ম প্রদর্শনী এবং সামাজিক সমস্যার উদ্ভাবনী সমাধান উপস্থাপন করে তারা। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল ধ্রুপদি ও নজরুল নৃত্য এবং ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে সংগীতনাট্য।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। এ ছাড়া উপস্থিত ছিলেন আড়ংয়ের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা তানভীর হোসেন, ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবীর, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির সোশ্যাল এন্টারপ্রাইজ বিভাগের হেড অব সোশ্যাল এন্টারপ্রাইজ নিভিন রেজা।

২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ব্র্যাক নেক্সটজেনের চূড়ান্ত আয়োজন

অনুষ্ঠানে মৌটুসী কবীর বলেন, দেশের চারপাশে যখন অনেক নেতিবাচক খবর দেখা যায়, তখন শিক্ষার্থীদের প্রতিভা, মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা আশাবাদী করে। তার মতে, এই শিক্ষার্থীরাই বাংলাদেশকে বদলে দেওয়ার শক্তি।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, শিক্ষার্থীদের চিত্রকর্ম, উদ্ভাবনী ধারণা ও পরিবেশনায় ভিন্নভাবে চিন্তা করার সক্ষমতা স্পষ্ট হয়েছে। পৃথিবীকে দেখার ক্ষেত্রে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। সেই সৃজনশীলতা বিকাশে উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করাই তাদের কাজ।

সাফি রহমান খান জানান, আগামী বছর ব্র্যাক নেক্সটজেন আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে ব্র্যাকের ১২টি বিদ্যালয়ের আরও বেশি শিক্ষার্থীকে যুক্ত করার পাশাপাশি ভবিষ্যতে দেশের অন্য শিক্ষার্থীদের কাছেও এ উদ্যোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

নিভিন রেজা বলেন, শিক্ষার্থীদের প্রতিভা চিহ্নিত করা, স্বীকৃতি দেওয়া এবং প্রয়োজনীয় মেন্টরিংয়ের মাধ্যমে বিকশিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য। একই সঙ্গে শিক্ষার্থীরা যেন নিজেদের সৃজনশীল কাজ তুলে ধরতে এবং একে অপরের কাছ থেকে শিখতে পারে, সে সুযোগ তৈরি করা হচ্ছে।

ব্র্যাকের উদ্যোগটির দীর্ঘমেয়াদি লক্ষ্য শুধু বার্ষিক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ‘ব্র্যাক নেক্সটজেন ফেলোজ’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নিয়মিত মেন্টরিং, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি ‘সলভ’ বিভাগের সম্ভাবনাময় উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবে প্রয়োগের সুযোগ তৈরির বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বিষয়:২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ চিত্রশিল্প ও সামাজিক উদ্ভাবন নৃত্য ব্র্যাক নেক্সটজেন ২০২৬ সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…