নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার গুজব, উত্তেজনা সৃষ্টির চেষ্টা

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর ঘটনা ঘটেছে। এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে পুলিশ বলছে, একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সৃষ্ট উত্তেজনাকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
শনিবার নড়াইল জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের দাবি ছড়িয়ে পড়ে। তবে এসব দাবির কোনো সত্যতা নেই। ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের কোনো বসতি নেই। সেখানে হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, পূর্বপরিকল্পিতভাবে এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিওচিত্র ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব অপপ্রচার চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের ভেতরে উত্তেজনা তৈরি এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর গ্রামে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শাহীদ শেখ (৪৫) ও সোহেল মোল্লাকে (৪০) গ্রেপ্তার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনার তিন দিন পর গত ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহত ব্যক্তির আত্মীয়স্বজন ও গ্রামবাসী বেন্দারচর গ্রামে একত্রিত হন। একপর্যায়ে তারা নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলা চালান।
খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
একটি হত্যাকাণ্ডের পর স্থানীয়ভাবে সৃষ্ট বিরোধ ও হামলার ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে বলে দাবি পুলিশের। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো গুরুতর অভিযোগ ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ও বিভ্রান্তি তৈরির আশঙ্কা দেখা দেয়।
তবে পুলিশ বলছে, হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তথ্য যাচাই না করে শেয়ার না করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশের ভাষ্য, বর্তমানে বেন্দারচর গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।





