আর মাত্র কয়েকঘণ্টা। মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। টুর্নামেন্ট শুরুর আগেই যার দুটি ম্যাচের সূচি বদলে গেছে। বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টুর্নামেন্ট শুরুর পরেরদিন অর্থাৎ, মঙ্গলবারের দুটি ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। আগে দুপুরের ম্যাচ দেড়টায় এবং সন্ধ্যায় ম্যাচ গড়ানোর কথা থাকলেও দেড়ঘণ্টা এগিয়ে শুরু হবে এদিন। দুপুরে খুলন টাইগার্স ও চিটাগং কিংসের ম্যাচ ১২টায় এবং সন্ধ্যার সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ বিকেল ৫টায় গড়াবে।
মূলত বছরের শেষদিন হওয়ায় জনসাধারণের চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নানা বিধিনিষেধ থাকে। সেই নির্দেশনার আলোকে ওইদিনের দুটি ম্যাচের সময়-সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
এছাড়া ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বিপিএলের টিকিটের জন্য পূর্বঘোষিত মধুমতি ব্যাংকের নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে সংগ্রহ করা যাবে না টিকিট। বিকল্প হিসেবে জাতীয় সাঁতার কমপ্লেক্স, মিরপুরের টিকিট বুথে (মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ৫ নং গেট সংলগ্ন) পাওয়া যাবে টিকিট।








