ভাসকে কোচ পেয়ে রোমাঞ্চিত তাসকিন

তাসকিন ও বাংলাদেশ ক্রিকেট দলের কোচের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিপিএলের দল ঢাকা ডমিনেটরসের হেড কোচ চামিন্ডা ভাস। শ্রীলঙ্কান কিংবদন্তি সাবেক বাঁহাতি পেসারকে পেয়ে রোমাঞ্চিত তাসকিন আহমেদ। টুর্নামেন্ট শুরুর আগে টাইগার পেসার জানালেন ভাসের কাছ থেকে কৌশল রপ্ত করতে চান, যেন বোলিংয়ে আরও উন্নতি হয়।
‘কোচ হিসেবে আসছে শুনে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। চেষ্টা করবো ওনার কিছু ট্রিক নিয়ে যদি আরও ভালো কিছু করতে পারি। সবসময়ই চাই শিখতে, ওনার কাছ থেকেও যেন কিছু একটা শিখতে পারি।’
করোনাকালে তাসকিন ফিটনেস নিয়ে প্রচুর কাজ করেছেন, এখনও করে চলেছেন। তারপরও চোট পিছু ছাড়েনি। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজেও খেলতে পারেননি প্রথম দুই ওয়ানডে।
পুরো ফিট হয়ে তাসকিন জানালেন শীর্ষ উইকেট শিকারিদের মধ্যে থাকতে। কাগজে-কলমে সাদামাটা দল ঢাকার। তারপরও ভালো করার ব্যাপারে আশাবাদী টাইগার তারকা।
‘কিছু ম্যাচ উইনিং স্পেল থাকে, দলে অবদান থাকে এটারই আমার ইচ্ছা। ছোট টিম মনে হলেও ঘরোয়ার কিছু ভালো খেলোয়াড় আছে। তারা জ্বলে উঠলে কে জানে ভালো করতেও পারে।’
এবার প্রথমবারের মতো চামিন্ডা ভাস দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ডাগআউটে প্রধান কোচ হিসেবে থাকবেন। তীব্র শীতের মাঝেও মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে তাসকিন, আল-আমিন হোসেনদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন এ লঙ্কান।






