জামালপুরে ট্রাকচাপায় স্বামী, স্ত্রী ও সন্তানসহ নিহত ৪

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী ও মোটরসাইকেল আরোহীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন স্বামী, স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুসন্তান। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) এবং তাদের আট মাস বয়সী মেয়ে রিফা। দুর্ঘটনায় নিহত অপরজন হলেন শওকত হাসান লিখন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও ট্রাকটির চাপায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শওকত হাসান লিখনের মৃত্যু হয়।





