ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভারতের সাথে ড্র দিয়ে শুরু করে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে আসরে এবার ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে রাহবার ওয়াহেদ খানের দল। ভুটানকে ৪-১ গোলে হারানোর পর শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ জয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলাদেশ।
ব্যাংককের ননথাবুড়ি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন রাহবার এবং একটি করে গোল করেন মনি আহমেদ, তাজীর বিন কাশেম এবং মোহাম্মদ আবির হোসেন। লঙ্কানদের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ আমান মোহাম্মদ ফাইজের।
ম্যাচের চতুর্থ মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন রাহবার। এক মিনিটের ব্যবধানে ম্যাচ সমতায় ফেরান মোহাম্মদ আমান। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে আবারও বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক, করেন নিজের দ্বিতীয় গোল। ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের ২২তম মিনিটে ব্যবধান দিগুণ করেন মনি। ৩৪ মিনিটে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন তাজীর। ৩৮ মিনিটের মাথায় বাংলাদেশের পঞ্চম গোলটি করেন আবির। ৫-১ গোলের জয়ে নিয়ে মাঠ ছাড়ে সাইদ খোদারাহমির শিষ্যরা।
৪ ম্যাচ শেষে ২ জয় ১ ড্র ও ১হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে মালদ্বীপ। বাংলাদেশের মতো একই অবস্থায় থাকা পাকিস্তানের স্থান টেবিলের তৃতীয়তে।








