বলিভিয়ায় সহিংসতায় রূপ নেয়া ম্যাচে ১৭ লাল কার্ড

বিভিন্ন ফুটবল খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের সময় ফুটবল মাঠে উত্তেজনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
মাঠে সহিংস সংঘর্ষে এক ম্যাচে লাল কার্ডের ছড়াছড়ি। এক-দুটি নয়, ১৭টি লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় একটি ফুটবল ম্যাচে এমন ঘটেছে।
কোপা বলিভিয়ার কোয়ার্টার ফাইনালে ২৬ নভেম্বরের ব্লুমিং ও রিয়াল অরুরোর ম্যাচে শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে সংঘর্ষে জড়ান দুদলের কোচ, স্টাফ, ফুটবলাররা। সহিংসতায় রূপ নিলে একসাথে ১৬ জনকে লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে একটি লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। ৭৭ মিনিটে রিয়াল অরুরোর মেনাকাও ম্যাচের প্রথম লালটি দেখেন। ২-২ সমতায় থাকা খেলায় যোগ করা সময়ের ১১ মিনিটে আরও ১৬টি লাল কার্ড দেখাতে হয়।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে মাঠে ও আশেপাশে কাঁদানো গ্যাস ছুঁড়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় একজন কোচকে হাসপাতালে নিতে হয়েছে।
প্রথম লেগে ২-১ গোলে জয়ের পর ফিরতি লেগ ২-২ গোলে ড্র হয়। দুই লেগ মিলিয়ে সেমিফাইনালে গেছে ব্লুমিং।






