ফেনীর সীমান্ত থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

ফেনীর সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার, পুলিশ তদন্তের জন্য পাঠানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফেনীর ছাগলনাইয়ার যশপুর সীমান্ত এলাকা থেকে আশিষ বৈদ্য নামের একজন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফেনী-৪ বিজিবি ও পুলিশ জানিয়েছে, আজ (২৭ জুলাই) বৃহস্পতিবার সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর সীমান্ত এলাকার একটি নালায় বিজিবির টহলের সদস্যরা আশিষ বৈদ্যের মরদেহটি দেখতে পায়। পরে তারা মরদেহটির বিষয়ে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাদের জানায়।
বিজিবি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহটি ভারতীয় পুলিশকে বুঝিয়ে দেয়া হবে। পুরো বিষয়টি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কে জানানো হয়েছে।
জানা গেছে, ৩৮ বছর বয়সী আশিষ বৈদ্য ভারতের ত্রিপুরা রাজ্যের নিলুয়া ইউনিয়নের সাধন বৈদ্যের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন সাইকেল মেকানিকস। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গতকাল (২৬ জুলাই) বুধবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় জানায়, ময়নাতদন্ত শেষে মরদেহটির বিষয়ে বিস্তারিত জানা যাবে।







