কক্সবাজার

কক্সবাজারে ট্রলারে লাশ: ডাকাতি করতে গিয়ে জেলেদের হাতে খুন!

কক্সবাজারে ভেসে আসা ট্রলার ও গলিত লাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ট্রলার ডুবির পর ভেসে আসা লাশের ছবি, উদ্ধারকারীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো মূল রহস্য উদঘাটন সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত হয়নি। তবে উপকূলের জেলেদের মতে, নিহতরা সবাই সাগরে ডাকাতি করতে গিয়েছিল।

আর বারবার ডাকাতের কবলে পড়া বিক্ষুব্ধ সাধারণ জেলেরা তাদের হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ উদঘাটন করে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ ও র‍্যাব।

রবিবার ২৩ এপ্রিল গুরা মিয়া নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি ট্রলার সাগরে ভাসমান থাকা ট্রলারটি নাজিরারটেক উপকূলে নিয়ে আসে। আর ওই ট্রলারের হিমঘর থেকে হাত-পা বাঁধা ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ট্রলারটির মালিক মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকার ছনখোলা পাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে সামশুল আলম প্রকাশ সামশু মাঝি। যার মরদেহ গ্রহণ করেছেন তার স্ত্রী রোকেয়া বেগম। ইতিমধ্যে দায়ের হওয়া মামলার বাদীও তিনি। রোকেয়া বেগমও স্বীকার করেছেন ট্রলারটি মালিক তার স্বামী।

মহেশখালীর হোয়ানক, কালার মারছাড়া, মাতারবাড়ী, ধলঘাটা, বদরখালী, পেকুয়া এলাকার বেশ কিছু জেলে জানান, দীর্ঘদিন তারা ডাকাতদের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। তাদের মতে, শামশুল আলম মাঝির ট্রলারটি সাগরে গিয়েছিল ডাকাতি করতে। যদিওবা ট্রলারটির মাঝি মো. মুসা ওরফে মুসা জালালকে জীবিত বা মৃত এখনও খুঁজে পাওয়া যায়নি। ওই ট্রলারে থাকা সামশুল আলম, মুছা, নুরুল কবির, অন্যরা ছিলেন সাধারণ উঠতি বয়সের। যাদেরকে এই তিনজনই টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল সাগরে ডাকাতি করতে। শামসুল আলমের ট্রলার দিয়ে প্রথমে তারা গ্রেপ্তারকৃত বাইট্টা কামালের ট্রলারটি জব্দ করে। এরপর ওই ট্রলারের মাঝি মাল্লাদের বেঁধে‌ রেখে সে ট্রলার দিয়ে তারা ডাকাতি করতে থাকে বলে জেলেরা জানান।

পরে একটি ট্রলারের পিছনে আরেকটি ছোট ট্রলার দেখে দূর থেকে অন্য মাছ ধরার ট্রলারগুলোর সন্দেহ হয়। একটি ট্রলার পতাকা নিয়ে সিগন্যাল দেয়। সে সিগন্যাল পেয়ে অনেকগুলো ছটি জালের ট্রলার এক যোগ হয়ে তাদের ঘিরে ফেলে। এরপর সামশুল আলম মাঝির ট্রলারে থাকাদের হাত-পা বেঁধে ট্রলারের কোলেস্টের ভেতর প্রবেশ করিয়ে মুখ বন্ধ করে ট্রলারটি ভাসিয়ে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে জেলেরা আরও জানান, মূলত বারবার ডাকাতের কবরে পড়া বিক্ষুব্ধ সাধারণ ছটি ট্রলারই তাদেরকে হত্যা করেছে। কিন্তু নিহত ট্রলার মালিক শামসুল আলম মাঝির মা সোনা খাতুন বলেন, আমার বিয়াই করিম সিকদার চাইলে আমার ছেলেকে বাঁচাতে পারতেন। তার সামনে আমার ছেলেকে হত্যা করলেও তিনি সামনের দিকে বোট চালিয়ে চলে যান। সোনা খাতুন বলেন, আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।

এ ঘটনায় দ্রুত দেহ উদ্ধারের পর শনাক্ত হওয়া মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের শওকত আলীর দুই মাস আগে বিয়ে হওয়া নতুন স্ত্রী ইসমত আরা বলেন, মাত্র দুই মাস আগে আমাদের বিয়ে হয়েছে। এখনো শ্বশুর বাড়ি যাইনি। বাপের বাড়িতে ছিলাম। কথা ছিল ঈদের পর সেই আমাকে তাদের বাড়ি তুলে নিয়ে যাবে। কিন্তু আমাকে ফেলে সেই নিজেই চলে গেছে। আমি আমার স্বামী বিচার চাই।

লাশ উদ্ধারের এক সপ্তাহ অতিবাহিত হলেও ঘটনার কারণ উদ্ধার করতে পারেনি সংশ্লিষ্টরা।

এ নিয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, এটি অনেক বড় ঘটনা। পুলিশ সুপার মহোদয় নিজেই ঘটনার বিষয়টি তদারকি করে সিনিয়র অফিসারদের নিয়ে। প্রতিদিন নানা ঘটনা বিশ্লেষণ করে কারণ অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পুলিশ ও র‍্যাব সদস্যরা এ ঘটনায় এই পর্যন্ত পাঁচজনকে আটক করেছে।

ইতিমধ্যে উদ্ধার হওয়া ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করলেও মর্গে রয়ে গেছে ৪ জনের মরদেহ ও কংকাল। ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এ ৫ জনের পরিচয়।

বিষয়:কক্সবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…