তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে বিএনপি ৫০ বছর পিছিয়ে যাবে। দল টেকানোই তখন তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।
রোববার ১৩ আগস্ট তথ্য অধিদপ্তর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সচিবালয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র হচ্ছে। ২০১৪ ও ২০১৮ সালেও ষড়যন্ত্র হয়েছিল। কোন ষড়যন্ত্রে লাভ হবে না। দেশ অব্যাহতভাবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
ড. হাছান মাহমুদ বলেন, গত সাড়ে ১৪ বছরে দেশ যেভাবে এগিয়েছে তাতে সমগ্র পৃথিবী তার প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব, ভারতের প্রধানমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রনায়কদের পাশাপাশি বিশ্বের শীর্ষ পত্রপত্রিকাও প্রশংসা করছে। দুঃখজনক হলেও সত্য, বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব বা তাদের অন্যান্য নেতৃবৃন্দ সেটি দেখতে পান না। এটি তাদের চেতনার দৈন্য, রাজনৈতিক দৈন্য আর দেখেও না দেখার ভান।







