শনিবার (১২ জুলাই) দুবাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে ‘বিগ বস ১৬’-এর প্রতিযোগী আব্দু রোজিককে। ভারতীয় প্রথম সারির একাধিক গণমাধ্যম এ খবর প্রকাশ করে। কিন্তু সত্যিই কি গ্রেপ্তার হয়েছেন আব্দু রোজিক? এটি এখন অনেকেরই প্রশ্ন।
জানা গেছে, এদিন ভোর পাঁচটায় মন্টেনেগ্রো থেকে বিমানে দুবাই বিমানবন্দরে পৌঁছান রোজিক। এরপরই তাকে আটক করা হয়। তবে ঠিক কী কারণে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও শোনা যাচ্ছে, চুরির অভিযোগে হাতকড়া পরানো হয়েছে রোজিকের হাতে।
এর আগে ২০২৪ সালে একবার রোজিককে জিজ্ঞাসাবাদ করেছিল ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ইডি। তবে দাবি করা হয়েছে সে মামলায় তাকে অভিযুক্ত হিসেবে সমন পাঠানো হয়নি।
এদিকে আব্দু রোজিকের গ্রেপ্তারের খবরকে ভুয়ো বলে দাবি করেছে তার ম্যানেজমেন্ট সংস্থা। তাদের তরফে বলা হয়েছে, গ্রেপ্তার নয়, আব্দুকে জিজ্ঞাসাবাদের জন্য কিছু সময়ের জন্য আটক করা হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয় তাকে।
আব্দুর ম্যানেজমেন্ট সংস্থা ‘এস-লাইন প্রোজেক্ট’-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রথমেই জানিয়ে রাখি, আব্দু রোজিককে গ্রেপ্তার করা হয়নি। তাকে কেবলমাত্র আটক করা হয়েছিল। তিনি যথাযথ ব্যাখ্যা দেন এবং তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। আজ তিনি দুবাইয়ে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন।”
তাজিকিস্তানের বাসিন্দা হলেও ভারতে বেশ জনপ্রিয় রোজিক। বিগ বসের আসরে নাম লিখিয়ে এই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। রিয়েলিটি শোয়ের আসরে সালমান খানের সঙ্গে তার রসায়ন মুগ্ধ করেছিল সবাইকে।
গায়ক হিসেবেও জনপ্রিয় রোজিক। ‘ওহি দিলি জোর’, ‘চাকি চাকি বোরন’, ‘মোদার’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার। ২০২২ সালে দুবাইয়ে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে গান গেয়ে মুগ্ধ করেছিলেন শ্রোতাদের। এবার সে দেশে মাটিতে হাতকড়া পরতে হলো তাকে!







