অসাধারণ মানবিকতার জন্য প্রায়ই প্রশংসায় ভাসেন বলিউড অভিনেতা সালমান খান। এবার ভাইজান দাঁড়ালেন তার অসুস্থ অফিসিয়াল বডি ডাবল পারভেজ কাজীর পাশে!
আগস্টের শুরুতে হৃদ্রোগে আক্রান্ত হলে পারভেজকে অস্ত্রোপচার করাতে হয়। এরপর তার চিকিৎসার সার্বিক বিষয়টি নিয়ে সালমান নিজেই উদ্যোগী হন ও তদারকি করেন।
জানা যায়, গত ৬ আগস্ট নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন পারভেজ। শুরুতে খবর ছড়িয়েছিল, শুটিং সেটে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। তবে তার ম্যানেজার পীযূষ পরে বিষয়টি পরিষ্কার করে ঘটনাটি শুটিংয়ের সময় ঘটেনি বলে জানান।
তিনি জানান, ‘পারভেজের চিকিৎসার সবকিছু ঠিকঠাক হচ্ছে কি না, তা সালমান নিজেই নিশ্চিত করেছেন। বর্তমানে পারভেজ সুস্থ হয়ে উঠছেন এবং সালমানের সহযোগিতার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ।’
পারভেজের অসুস্থতার কারণে সালমানের নতুন প্যান-ইন্ডিয়ান অ্যাকশন সিনেমা ‘মনস্টার’-এর শুটিং নিয়েও সাময়িক উদ্বেগ তৈরি হয়েছিল। তবে কয়েক দিন বিশ্রামের পর পারভেজ সেটে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তার নিরাপত্তার কথা বিবেচনা করে স্ট্যান্টের সময়সূচিতে কিছু পরিবর্তনও আনা হয়েছে। ‘মনস্টার’-এ সালমানের সঙ্গে অভিনয় করছেন নয়নতারা। সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সালমানের বডি ডাবল হিসেবে পারভেজ কাজী দীর্ঘদিন ধরে কাজ করছেন। ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রেস ৩’, ‘ভারত’, ‘দাবাং ৩’ ও ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর মতো সিনেমায় তিনি সালমানের হয়ে কাজ করেছেন।









