ফুটবল

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার দেখা যাবে যেভাবে

বাংলাদেশ ও ভারতের যুব ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের যুব ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে ফুটবল খেলছে, দর্শক ও কোচরা পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হচ্ছে ‘এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ-২০২৪’র কোয়ালিফায়ার। বাংলাদেশ, ইরান ও তুর্কমেনিস্তান আসরে অংশ নিচ্ছে।

টুর্নামেন্টের সব খেলা বাংলাদেশ টেলিভিশন এবং বাফুফের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে।

ম্যাচের টিকিট মূল্য ৫০ টাকা ধরা হয়েছে। বাফুফে ভবন ও স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

তুর্কমেনিস্তান ও ইরানের ম্যাচ দিয়ে ৮ মার্চ মাঠে গড়াবে টুর্নামেন্ট। বাংলাদেশ প্রথম নামবে ১০ মার্চ, তুর্কমেনিস্তানের বিপক্ষে। ১২ মার্চ ইরানের বিপক্ষে খেলা দিয়ে আসর শেষ হবে। প্রতিটি ম্যাচ মাঠে গড়াবে বিকাল ৫টায়।

মঙ্গলবার বাফুফে ভবনে টুর্নামেন্ট শুরুর আগেরদিন তিন দলের কোচ ও অধিনায়ক সংবাদ সম্মেলনে অংশ নেন।

লাল-সবুজের দলের কোচ গোলাম রব্বানি ছোটন বললেন, ‘ভারত ও নেপালের শারীরিক গঠনের সাথে ইরান আর তুর্কমেনিস্তানের মিল আছে। তারা শারীরিকভাবে হয়তো লম্বা হবে। লম্বায় তারা এগিয়ে থাকলেও আমাদের মেয়েদের যে ফিটনেস, এখানে এগিয়ে থাকবে।’

ছোটনের শিষ্যরা আগে কখনোই তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলেনি। তবুও ভালো করার ব্যাপারে আত্মপ্রত্যয়ী টাইগ্রেস কোচ। ফিফা র‍্যাঙ্কিংয়ে তুর্কমেনিস্তান ১৩৭তম স্থানে আছে। তাদের চেয়ে তিন ধাপ পিছিয়ে ১৪০ নম্বরে বাংলাদেশ।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা ইরান ৬৮তম স্থানে আছে। দল হিসেবে মধ্যপ্রাচ্যের দেশটি শক্তিশালী হলেও তাদের হারাতে চান ছোটন। সাফের গণ্ডির বাইরে বেরিয়ে এশিয়ান লেভেলে ভালো ফুটবল খেলে নিজেদের প্রমাণ করতে চাওয়ার কথা জানালেন অধিনায়ক সামসুন্নাহার জুনিয়রও।

ইরানের কোচ মারিয়াম জাহান্নেজাদি বলেছেন, ‘বাংলাদেশ দল সম্পর্কে তেমন কিছু জানা নেই। নেপালের বিপক্ষে (সাফ-অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ) যে ম্যাচ খেলেছিল, সেটির ভিডিও ফুটেজ দেখে বিশ্লেষণ করার চেষ্টা করেছি।’

বাংলাদেশ কোচ পরে যোগ করলেন, ‘যখন কোনো টুর্নামেন্টের শিডিউল করা হয়, তখন থেকেই প্রতিনিয়ত আমরা কাজ করতে থাকি। ওরা যা করেছে, আমরাও ঠিক একই কাজ করেছি।’

সংবাদ সম্মেলনে স্বল্পভাষী তুর্কমেনিস্তানের অধিনায়ক মামিয়া জেরিন নিজেদের সেরাটা দেয়ার কথাটুকু বলেই থামেন।

বিষয়:ইউটিউব ইরান তুর্কমেনিস্তান বাফুফে বাংলাদেশ বাংলাদেশ বেতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…