সুষ্ঠু নির্বাচনে ইসির পাশাপাশি রাজনৈতিক দলকেও এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির সাথে বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা, বাংলাদেশের পতাকা ও সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার ১৯ জুন বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা দেয়া হবে।’
ভোটগ্রহণ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে ভোটের তারিখের আগে থেকেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন রাষ্ট্রপতি।
তিনি আশা প্রকাশ করেন, বর্তমান নির্বাচন কমিশন দেশের সকল নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।
প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল জানান, তিনি দায়িত্ব নেয়ার পর থেকে স্থানীয় সরকারসহ সকল নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, কিছু কারিগরি ত্রুটি ছাড়া নির্বাচনে সফলভাবে ইভিএম ব্যবহার করা যাচ্ছে। এছাড়া নির্বাহী বিভাগের সহযোগিতা পাওয়া যাচ্ছে।
ইতিমধ্যে সীমানা চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, ভোটকেন্দ্র চূড়ান্তকরণের প্রক্রিয়া চলমান আছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিক নির্দেশনা কামনা করেন।
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও মো. আলমগীর এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এ সময় রাষ্ট্রপতির সচিবগণও উপস্থিত ছিলেন।






