ঢাকা স্টেডিয়াম থেকে জাতীয় স্টেডিয়াম: যেখানে পা পড়েছে মোহাম্মদ আলী-মেসিদের
এক অনন্য ইতিহাসের সাক্ষী

১৯৫৪ সাল। যাত্রা শুরু ঢাকা জাতীয় স্টেডিয়ামের। শুরুতে ফুটবলের পাশাপাশি গড়াত ক্রিকেটও। কালের বিবর্তনে নামেও বদল হয়েছে বারকয়েক। এখন এটি জাতীয় স্টেডিয়াম। যেখানে রয়েছে দেশের ক্রীড়াঙ্গনের অসংখ্য ইতিহাসের ছাপ। রয়েছে হাজারো দর্শকের আবেগ, জয়-পরাজয়ের সাক্ষী। স্টেডিয়ামটিতে পা রেখেছিলেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী, খেলে গেছেন লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়ারা। ঘরের মাঠে বাংলাদেশের ইতিহাসের প্রথম ক্রিকেট এবং ফুটবল, দুটিই গড়িয়েছিল এই মাঠে। দীর্ঘ ৭২ বছরের যাত্রায় জমেছে অনেক ইতিহাস।
ঢাকার গুলিস্তানে অবস্থিত জাতীয় স্টেডিয়াম। শুরুকালীন রাজধানী শহরের একদম মাঝামাঝি ছিল এলাকাটি। বাংলাদেশ ফুটবলের ‘হোম’ বলা হয় এ স্টেডিয়ামকে। ১৯৫৪ সালে এটি ঢাকা স্টেডিয়াম ও পরে ডাক্কা স্টেডিয়াম নামেও উদ্বোধন হয়। স্বাধীনতার পরে ১৯৯৮ সালে নাম বদলানো হয়, ২০২৫ সালে আবারও এটির নামকরণ করা হয় জাতীয় স্টেডিয়াম। গত সাত দশকের বেশি সময় ধরে দেশের ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসসহ নানা ঐতিহাসিক ক্রীড়া ও সাংস্কৃতিক ঘটনার সাক্ষী এটি।
শুরুর দিকে এখানে ফুটবলের পাশাপাশি টেস্ট ও ওয়ানডে ক্রিকেট, হকি, অ্যাথলেটিকস, এমনকি বক্সিংও হতো। ১৯৫৪ সালে নির্মাণের পর ১৯৫৫ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ গড়ায়। যা ছিল পাকিস্তান ও ভারতের টেস্ট ম্যাচ। সেসময় এটি ছিল পাকিস্তানের স্টেডিয়াম। ১ জানুয়ারি শুরু হওয়া ম্যাচ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের মাটিতে প্রথম এবং এই স্টেডিয়ামের উদ্বোধনী টেস্ট। প্রথম আন্তর্জাতিক ফুটবল আসর বসেছিল ১৯৫৫ সালের ডিসেম্বরে। এশিয়ান কোয়াড্র্যাঙ্গুলার ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানের প্রথম ম্যাচ ছিল সেবছর ১৭ ডিসেম্বর, বার্মার (মিয়ানমার) বিপক্ষে, পাকিস্তান ৪–২ গোলে জিতেছিল। এটি এই স্টেডিয়ামের প্রথম ফুটবল ম্যাচ।
মুক্তিযুদ্ধের সময় এ মাঠে কোনরকম ক্রীড়া কার্যক্রম ছিল না। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ঢাকায় প্রবেশ করে প্রথমেই মাঠটিতে নিজেদের ক্যাম্প গড়ে তোলে। স্বাধীনতার পর স্টেডিয়ামটিতে প্রথম ম্যাচ ছিল ১৯৭২ সালের ১৩ ফেব্রুয়ারি। যা স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রথম কোন ম্যাচ। ঢাকার স্টেডিয়ামে (বর্তমান জাতীয় স্টেডিয়াম) সেই ফুটবল ম্যাচে খেলেছিল রাষ্ট্রপতি একাদশ বনাম বাংলাদেশ একাদশ। রাষ্ট্রপতি একাদশ ২-০ গোলে জিতেছিল।
স্বাধীনতার পর এই মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল ক্রিকেট। ১৯৭৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনদিনের একটি ম্যাচ খেলে বাংলাদেশ। ১৯৭৯ সালে বাংলাদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা হয় এ মাঠেই। ১৯৮০ এফএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে আফগানিস্তনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল লাল-সবুজের দল।
এই মাঠে ১৯৮৮ সালে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে এবং ২০০০ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। যা ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবারের মতো ওয়ানডে ম্যাচের পর মাঠটিতে আর কখনও ক্রিকেট গড়ায়নি। ২০০৬ সালে মিরপুরে যাত্রা শুরু করে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, এরপর থেকে সেটি দেশের ক্রিকেট স্টেডিয়াম। ২০১১ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা। সেবার উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল এ স্টেডিয়ামেই।
১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে, ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী। আসার পরেরদিন এই স্টেডিয়াম পা রাখেন তিনি। গ্যালারিভর্তি হাজারো দর্শকের সামনে কোন পেশাদার হেভিওয়েট বক্সারের বদলে তিনি রিংয়ে নামেন ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরের বিপক্ষে। তিন রাউন্ডের সেই প্রদর্শনী লড়াইয়ে আলী ইচ্ছাকৃতভাবে নকআউট হয়ে রিংয়ের মেঝেতে লুটিয়ে পড়েন।
এই মাঠে ইতিহাস গড়েছিল বাংলাদেশ ফুটবল দলও। ২০০৩ সালে প্রথমবার সাফের আয়োজক হয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপার স্বাদ পেয়েছিলেন আলফাজ-কাঞ্চনরা। এ মাঠে সবচেয়ে বড় জয়টিও পেয়েছিল বাংলাদেশ। ১৯৮৫ সালে মালদ্বীপকে ৮-০ গোলে হারিয়েছিল। এখানে পা রেখেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
২০১১ সালের ৬ সেপ্টেম্বর, জাতীয় স্টেডিয়ামে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও নাইজেরিয়া। মেসি ছাড়া আর্জেন্টিনা জার্সি গায়ে ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া এবং গঞ্জালো হিগুয়েনের মতো তারকারা। আলবিসেলেস্তেরা ৩-১ গোলে জিতেছিল।
১৯৭৩ সালে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু হয়, যার যাত্রা এ মাঠ থেকেই। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বিজেএমসি। একই বছর ঢাকা লিগে আবাহনী ও মোহামেডানের মধ্যে প্রথম ঐতিহাসিক ঢাকা ডার্বি অনুষ্ঠিত হয়। ২০০৭ সালের মার্চে বাফুফের অধীনে দেশের প্রথম পেশাদার জাতীয় ফুটবল লিগ শুরু হয়, যা পরে বাংলাদেশ ফুটবল লিগ হিসেবে পরিচিতি। প্রথম পেশাদার লিগ ম্যাচ ২০০৭ সালের মার্চ এখানেই হয়েছিল। আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যাচ, গোলশূন্য ড্র দিয়ে দেশের পেশাদার ফুটবল লিগের যাত্রা শুরু হয়েছিল।
আবাহনী ক্রীড়া চক্র এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটি ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। যার সাক্ষী জাতীয় স্টেডিয়াম। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় আবেগে পরিণত হয় যেটি, তার নাট্যমঞ্চ ছিল গুলিস্তানের এই স্টেডিয়াম। একমাত্র আবাহনী-মোহামেডান ম্যাচেই নিয়মিতভাবে দর্শক ঠাই দেয়ার জায়গা হতো না, গ্যালারি থাকত কানায় কানায় পূর্ণ।
স্টেডিয়ামটি তিনবার বড় সংস্কারের মধ্য দিয়ে গেছে। ১৯৭৮ সালে প্রথমবার। পরে ২০১১ সালে। এবং সর্বশেষ ২০২১ সালে।
২৪ নভেম্বর, আজ মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামের জন্য একটি বিশেষ দিন। প্রায় ৬২ মাস পর এখানে ফিরেছে ঘরোয়া ফুটবল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সবশেষ ঘরোয়া ফুটবলের আসর বসেছিল ২০২১ সালের সেপ্টেম্বরে। দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য গুণে গুণে ৬২ মাস পার হয়ে গেছে। ২০২৫ সালে বাংলাদেশ-ভুটান আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে এখানে ফুটবল ফিরলেও ফেরেনি ঘরোয়া আয়োজন। মাঝে আয়োজিত হয়ে গেল সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬, এই কদিন আগেই। ফেডারেশন কাপের ১৩তম ম্যাচটি হচ্ছে জাতীয় স্টেডিয়ামে। লড়ছে ফর্টিস এফসি লিমিটেড ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।




