জনপদ

পুণ্যস্নান দিয়ে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

পুণ্যস্নান দিয়ে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

প্রতিনিধির পাঠানো ছবি

সাগরের বুকে পুণ্যস্নান, প্রার্থনা আর ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটকের সমাগমে মুখর হয়ে ওঠে সৈকত।

ভোরে সূর্যের আলো ফোটার আগেই শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে সমবেত হতে থাকেন পুণ্যার্থীরা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ব্রহ্ম মুহূর্তে সূর্যদেবকে প্রণাম, উলুধ্বনি ও ধর্মীয় মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সাগরে পুণ্যস্নান করেন তারা। এ সময় পুণ্যলাভের পাশাপাশি পরলোকগত স্বজনদের আত্মার শান্তি কামনায় সাগরপাড়ে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

পুণ্যস্নান শেষে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন তারা। পরে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় রাস উৎসবের মূল পর্ব।

উৎসব উপলক্ষে বরগুনার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের দূরদূরান্ত থেকে পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটকেরা শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে আসেন। আয়োজন করা হয় ধর্মীয় আলোচনা, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এর আগে সোমবার রাতে তালতলী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে কীর্তন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা।

জলতরনীর পরিচালক আরিফুল ইসলাম বলেন, গত ১০ বছর ধরে তারা এ আয়োজন করে আসছেন। প্রচার-প্রচারণা বাড়ায় প্রতিবছরই উৎসবের পরিসর ও আয়োজন বাড়ছে।

রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবারও শত শত ধর্মপ্রাণ নারী-পুরুষ শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে পুণ্যস্নানে অংশ নিতে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন হয়েছে।

ধর্মীয় উৎসব হিসেবে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতের রাস উৎসব এখন সর্বজনীন লোকজ উৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষও এতে অংশ নেন। ধর্মীয় সম্প্রীতি, স্থানীয় ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনার মেলবন্ধনে রাস উৎসব এখন তালতলীর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

বিষয়:রাস উৎসব রাস মেলা সনাতন ধর্মাবলম্বী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…