আর মাত্র কয়েকঘণ্টা। এরপরই গড়াতে চলেছে আইপিএলের ১৮তম আসর। উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে নতুন এক রেকর্ড গড়ার পথে আছেন বিরাট কোহলি।
শনিবার রাত আটটায় কলকাতার ইডেন গার্ডেন্সে গড়াবে উদ্বোধনী ম্যাচ। যদিও বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে। ম্যাচ গড়ালে একটি রেকর্ড গড়ার পথে বেঙ্গালুরু ব্যাটার কোহলি।
কলকাতার বিপক্ষে অন্তত ৩৮ রান করতে পারলে একমাত্র ব্যাটার হিসেবে আইপিএলে চারটি দলের বিপক্ষে কমপক্ষে ১০০০ রান করার রেকর্ড গড়বেন কোহলি। কলকাতার বিপক্ষে কোহলির রান সংখ্যা এখন ৯৬২।
এর আগে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে ১০০০ রান করার কৃতিত্ব আছে কোহলির। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিকও ভারত কিংবদন্তি। ২৫২ ম্যাচে করেছেন ৮০০৪ রান। তবে বেঙ্গালুরুর হয়ে এখনো আইপিএল শিরোপার দেখা পাননি কোহলি।








