পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় বাবার সাথে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘দেশের মাটিতে আছি, গ্রামের ঈদগাহে নামাজ আদায় করলাম, বাবা-মায়ের হাসিমুখ দেখতে পেলাম; এক জীবনে আর কি লাগে!!’
‘পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ আপনার এবং আপনার পরিবারের উপর রহমত নাযিল করুক। আল্লাহু আকবার, ঈদ মুবারাক।’
সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল কদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে লিখেছেন, ‘এই ঈদে আল্লাহ আপনাকে সুস্থতা, সুখ এবং সমৃদ্ধি দান করুন। ঈদ মোবারক।’
সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া মাহমুদউল্লাহ রিয়াদ একটি ছবিসহ লিখেছেন, ‘ঈদের সুন্দর সকাল।’
পেসার তাসকিন আহমেদের তিন প্রজন্ম বাবা ও সন্তানসহ ছবি দিয়ে লিখেছেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারাক।’
স্পিন-অলরাউন্ডার রিশাদ হোসেন পবিবারের সকলের সাথে ছবির শিরোনামে লিখেছেন, ‘ঈদ মুবারাক, আপনাকে ও আপনার পরিবারকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফেসবুক পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড সকলকে আনন্দে ভরা, পরিপূর্ণ এবং বরকতময় ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাচ্ছে!’








