রাজনৈতিক পট পরিবর্তনের পর আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোতে অ্যাডহক কমিটি গঠন করেছিল তৎকালীন বোর্ড। তবে চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল আঞ্চলিক ক্রিকেট সংস্থার পূর্বে গঠিত কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি।
সোমবার বিসিবি অ্যাডহক কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ এপ্রিল আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন ও পরিচালনার নীতিমালা ২০২২-এর ১৫.১ (ক) ধারা অনুযায়ী, চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠিত হয়েছিল। এর দুদিন পর ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি রেখে অ্যাডহক কমিটি গঠন করে।
আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি থাকাকালীন প্রথমে সিলেট এরপর বরিশালে গঠন করেন আঞ্চলিক ক্রিকেট সংস্থা। বর্তমান অ্যাডহক কমিটি সেটি অবিলম্বে কার্যকরের শর্তে বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি।








