ক্রিকেটারদের বেতন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। যা নিয়ে জল গড়িয়েছে বহুদূর। বুধবার রাতে তাকে পদত্যাগের সময় বেধে দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সময় পেরিয়ে গেলেও পদত্যাগ না করায় বিপিএলে বৃহস্পতিবারের প্রথম ম্যাচ গড়ায়নি। দ্বিতীয় ম্যাচ নিয়েও রয়েছে শঙ্কা। এরমধ্যে নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতিও দিল বিসিবি।
বৃহস্পতিবার দুপুরের পর চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। পরে বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবিও।
আমজাদ হোসেন বলেছিলেন, ওনাকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে। কিছু প্রক্রিয়া বাকি আছে, শেষ হলেই বিবৃতি দেবে বিসিবি।
পড়ন্ত বিকেলে বিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাবলী পর্যালোচনা করে এবং বোর্ডের সর্বোত্তম স্বার্থে, বিসিবি সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদের অধীনে সভাপতির উপর অর্পিত কর্তৃত্ব অনুসারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বোর্ডের বিষয়গুলোর সুষ্ঠু ও কার্যকর কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিসিবি সভাপতি অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভূমিকা পালন করবেন।’
বিবৃতিতে বিসিবি উল্লেখ করেছে, বোর্ড পুনর্ব্যক্ত করছে যে, ক্রিকেটারদের স্বার্থ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ড তার এখতিয়ারের অধীনে সকল খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা বজায় রাখতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।







