উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ফরাসি ক্লাব পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ফাইনালে যেতে না পারার পর হ্যান্ডবল নিয়মের অসামঞ্জস্যতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে দ্বিতীয় সেমির ফিরতি লেগে ১-১এ ড্র হয়েছে। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে এগিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছে লুইস এনরিকের পিএসজি।
প্রথম লেগের বিতর্কিত এক পেনাল্টির স্মৃতি কোম্পানিকে বেশ পোড়াচ্ছে। সেদিন আলফানসো ডেভিসের থাইয়ে লেগে বল হাতে লাগলে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু বুধবার রাতে মিউনিখে একই রকম পরিস্থিতিতে পিএসজির জোয়াও নেভেসের হাতে বল লাগলেও পর্তুগিজ রেফাারি জোয়াও পিনহেইরো পেনাল্টি দেননি।
এনিয়ে ক্ষোভ ঝেড়ে কোম্পানি বলেছেন, ‘বল শরীর থেকে হাতে লাগেনি, সরাসরি হাতে লেগেছে। সেটি নিজের খেলোয়াড়ের কাছ থেকে আসুক বা না আসুক, আইনের এই ব্যাখ্যাগুলো এক কথায় কেমন যেন। এই সিদ্ধান্তগুলো ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।’
ম্যাচের রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও ফাইনালে ওঠা প্রতিপক্ষের প্রসংসা করতে ভোলেননি বায়ার্ন কোচ, ‘পিএসজি অত্যন্ত সজাগ ও সক্রিয় ছিল। তারা আমাদের ক্রসগুলো দারুণভাবে ঠেকিয়েছে এবং রক্ষণের পেছনের ফাঁকা জায়গাগুলো খুব বুদ্ধিমত্তার সাথে সামলেছে। আমরা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করলেও তারা আমাদের শট নেয়ার সুযোগ দেয়নি।’







