এআইয়ের সহায়তায় ১৬৭ বছরের অমীমাংসিত গণিতের রহস্য সমাধানের দাবি

ছবি: সংগৃহীত
১৬৭ বছর ধরে অমীমাংসিত গণিতের অন্যতম জটিল সমস্যা রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ক্লডের সহায়তায় তিনি এ সমস্যার প্রমাণ খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন। তবে তার দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
শনিবার (২১ নভেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে
শুক্রবার নিজের ওয়েবসাইটে চার পৃষ্ঠার একটি ব্যাখ্যা প্রকাশ করে আলপোগে জানান, তিনি ক্লডের সঙ্গে কাজ করে রিম্যান হাইপোথিসিসের একটি প্রমাণ আবিষ্কার করেছেন বলে বিশ্বাস করেন। তার দাবি, এই প্রমাণ মূল ধারণার চেয়েও বিস্তৃত জেনারালাইজড রিম্যান হাইপোথিসিসের ক্ষেত্রে প্রযোজ্য।
প্রচলিত গবেষণাপত্রের পরিবর্তে তিনি প্রমাণটি প্রকাশ করেছেন ‘লিন’ নামের একটি প্রোগ্রামিং ভাষায়। এটি গাণিতিক যুক্তির প্রতিটি ধাপ যাচাই করতে পারে। গবেষণার শেষ পর্যায়ে ক্লড তাঁর চেয়ে অনেক দ্রুত এগিয়ে গেছে বলেও স্বীকার করেছেন আলপোগে।
তবে প্রমাণটি বুঝতে এখনো কাজ করছেন বিশ্বের বিভিন্ন দেশের গণিতবিদেরা। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক কেভিন বাজার্ডের মতে, প্রমাণটি প্রায় ১ কোটি ৭০ লাখ লাইনের লিন কোডে লেখা। এর সমপরিমাণ গাণিতিক ব্যাখ্যা কয়েক হাজার পৃষ্ঠার হতে পারে। এসব কোডের মধ্যে কতটা নতুন গাণিতিক ধারণা রয়েছে, আর কতটা প্রচলিত পদ্ধতির প্রয়োগ, তা এখনো স্পষ্ট নয়।
১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই অনুমান সামনে আনেন। মৌলিক সংখ্যার বিন্যাস ও বণ্টনের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। ২, ৩, ৫ ও ৭-এর মতো মৌলিক সংখ্যাগুলো আপাতদৃষ্টিতে কোনো নির্দিষ্ট নিয়ম ছাড়াই সংখ্যারেখায় ছড়িয়ে থাকলেও, রিম্যান হাইপোথিসিস বলছে, এর পেছনে একটি গভীর গাণিতিক শৃঙ্খলা রয়েছে।
বিশুদ্ধ গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অমীমাংসিত সমস্যাগুলোর একটি এটি। যুক্তরাষ্ট্রের ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটের মিলেনিয়াম প্রাইজ সমস্যার তালিকায় থাকা সাতটি সমস্যারও একটি রিম্যান হাইপোথিসিস। এর সমাধানের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে ১০ লাখ ডলার।
গণিতবিদদের মতে, এই অনুমান প্রমাণিত হলে শুধু গণিত নয়, ইন্টারনেট নিরাপত্তা ও ক্রিপ্টোগ্রাফির মতো ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। কারণ, অনেক গাণিতিক অ্যালগরিদমের কার্যকারিতা এই অনুমানের সত্যতার ওপর নির্ভর করে।
এআইয়ের সহায়তায় এমন সাফল্য গণিত গবেষণার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অধ্যাপক বাজার্ডের মতে, এতে মানুষের প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে না। বরং এআই গণিতবিদদের জন্য নতুন একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠছে। তিনি মনে করেন, প্রমাণটি সঠিক হলে এর কৃতিত্ব মূলত আলপোগেরই প্রাপ্য।
এখন স্বাধীন বিশেষজ্ঞদের যাচাইয়ের অপেক্ষা। প্রমাণটি সত্য হলে ১৬৭ বছরের পুরোনো গণিতের রহস্য উন্মোচনের পাশাপাশি গবেষণায় এআইয়ের সক্ষমতার নতুন দিগন্ত খুলে যেতে পারে।






