বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। শিরোপা মঞ্চে নিজেদের শক্তি বাড়াতে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জেমস নিশামকে দলে টেনেছে গত আসরের চ্যাম্পিয়ন দলটি।
সাউথ আফ্রিকায় চলমান এসএ-২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলেছেন কিউই তারকা। প্রিটোরিয়ার হয়ে ৮ ম্যাচে ৯৫ রান করা নিশাম বোলিংয়ে নিয়েছেন ৭ উইকেট। তবে প্রিটোরিয়া টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ায় বিপিএলে খেলতে আসছেন নিশাম।
সোমবার বাংলাদেশের উদ্দেশ্যে সাউথ আফ্রিকা থেকে রওনা হয়েছেন নিশাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন বিষয়টা। তবে কোন দলের হয়ে খেলবেন তা অবশ্য জানাননি। একটা রহস্যই থেকে যায় বেশ কিছুটা সময়। অবশেষে রহস্য উদঘাটন করেছে বরিশাল কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, মঙ্গলবার সকালে বরিশাল স্কোয়াডে যোগ দিবেন।
আগামী ৭ ফেব্রুয়ারি শের-ই-বাংলায় গড়াবে ফাইনাল। বরিশালের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। ৫ তারিখ গড়াতে দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের মাঝে জয়ী দল খেলবে ফাইনালে।







