লা লিগায় আগের ম্যাচে মায়োর্কাকে ৫-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছিল বার্সেলোনা। বড় জয়ে চেনাছন্দে ফেরার আভাস দিয়েছিল কাতালুনিয়ান দলটি। পরের ম্যাচেই পয়েন্ট হারিয়েছে হ্যান্সি ফ্লিকের তরুণ দল। কোচের আশ্বাস, আরও শক্তিশালী হয়ে ফিরবে তার দল।
রিয়াল বেটিসের মাঠে শনিবার রাতে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। রবার্ট লেভান্ডোভস্কির গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল। সফল স্পট কিকে বেটিসকে সমতায় ফেরান জিওভানি লো সেলসো। বদলি নেমে ফের বার্সেলোনাকে এগিয়ে নেন ফেররান টরেস। যোগ করা সময়ে আসানে দিওয়ায়ের গোলে হার এড়ায় বেটিস।
২ পয়েন্ট হারানোর হতাশার সঙ্গে যুক্ত হয়েছে কোচ হ্যান্সি ফ্লিকের লাল কার্ড। ম্যাচ শেষে কোচ বলেছেন, ‘এটি একটি তরুণ দল, কিন্তু আমাদের এখনও অনেককিছু উন্নতি করার সুযোগ আছে। অবশ্যই আরও আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে, বিশেষ করে যখন আমরা ঘরের মাঠের বাইরে খেলি। আমাদের খেলার একটা মান বা ধরন আছে, কিন্তু সেটা প্রমাণ করতে হলে আমাদের প্রতিটি ম্যাচে জিততে হবে।’
ড্রয়ে ১৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৮, টেবিলের শীর্ষেই আছে। এক ম্যাচ কম খেলে রিয়াল ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।








