হ্যান্সি ফ্লিক যুগের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপার দেখা পেয়েছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় রিয়ালকে ৫-২ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে দলটি। ম্যাচে বড় দুঃসংবাদও পেয়েছে জায়ান্টরা। চোটে পড়ে পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ।
৩৩ বর্ষী মার্টিনেজকে খেলা শেষের আধাঘণ্টা আগে মাঠ থেকে উঠিয়ে নেন ফ্লিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল পেশীতে সমস্যা হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, শুধু এখানেই সমস্যার শেষ নয়, দীর্ঘসময় পাওয়া যাবে না মার্টিনেজকে।
প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বার্সেলোনার মেডিকেল দল জানাচ্ছে, মার্টিনেজ ডানপায়ে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। এটা তাকে প্রায় পাঁচ সপ্তাহ মাঠে নামতে দেবে না এবং ৯ ম্যাচে খেলতে পারবেন না। মঙ্গলবার আরও পরীক্ষা-নিরীক্ষার পর চোটের পুরো চিত্র জানা যাবে।
মার্টিনেজের চোট দলের উপর প্রভাব ফেলতে পারে। তিনি একাদশের নিয়মিত মুখ এবং উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউজোর জায়গা পূরণ করার কথা তার। এ মাসে তার বার্সেলোনা ছাড়ার কথা থাকলেও সেটির উপরও প্রভাব পড়তে পারে।







