চলতি মৌসুম শেষে বার্সেলোনা থেকে বিদায় নিবেন জাভি হার্নান্দেজ। ভিয়ারিয়ালের বিপক্ষে হারের পর এমন সিদ্ধান্তই নিয়েছেন স্প্যানিশ কোচ। তবে জাভির পর কাতালান দলটির হাল কে ধরবেন তা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। তালিকায় আছেন বার্সার সাবেক ফুটবলার থিয়াগো মোত্তা ও রাফায়েল মার্কুয়েজ।
ইতালিয়ান ক্লাব বোলোনিয়ারের কোচের দায়িত্ব পালন করছেন মোত্তা। জাভির বিদায়ের ঘোষণার পর বার্সেলোনার এই সাবেক বলেছেন, ‘এটি দুঃখজনক, তিনি দুর্দান্ত কাজ করছিলেন। এমনকি গত মৌসুমে শিরোপাও জিতেছিল। ইয়ূর্গেন ক্লপও লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন। কোচিং পেশাটা কঠিন। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা নিজেরাই এই চাকরি বেছে নিয়েছি।’
তবে বার্সেলোনায় তিনি আসবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ৪১ বর্ষী মোত্তা বলেছেন, ‘যখন প্রতিবেদন করার সময় হবে, আমিই আপনাদের বলব। কিন্তু এ বিষয়ে আজ কোনো খবর নেই।’
বার্সেলোনা ‘বি’ দলের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মোত্তা। ব্রাজিলে জন্মগ্রহন করলেও খেলেছেন ইতালির জার্সিতে। দেশটির হয়ে ৩০ ম্যাচ খেলে একটি গোল করেছেন সাবেক এই মিডফিল্ডার। আর কাতালান ক্লাবটির জার্সিতে খেলেছেন আট বছর। ৯৬ ম্যাচে ৬ গোল করেছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো অবশ্য বলছে, বার্সার ‘বি’ দলের বর্তমান কোচ রাফায়েল মার্কুয়েজও সম্ভাবনা দেখছেন কোচ হওয়ার। সিনিয়র দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে তাকে প্রশ্ন করা হলে বলেছেন, ‘আমাকে তৈরী থাকতে হবে। তবে আমি এখন যাদের নিয়ে কাজ করছি, সেটাতেও খুশি। (বার্সেলোনার মূল দলের কোচ হতে) কে না চায়? এ ধরনের সুযোগ আসলে আপনি না বলতে পারবেন না। আর এমন কিছু ঘটলে নিজের সেরাটাই দেব।’
ম্যাক্সিকোর হয়ে ১৪৭টি ম্যাচ খেলেছেন এই রক্ষণাত্মক মিডফিল্ডার। গোল করেছেন ১৭টি। এছাড়া ক্যারিয়ারের একটি লম্বা সময় তিনি পার করেছেন বার্সেলোনায়। ২০০৩-১০ সালের দীর্ঘ ক্যারিয়ারে ১৬৩টি ম্যাচ খেলে গোল করেছেন ৯টি।








