নভেম্বরে লা লিগায় চারটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়ে মাস শুরু করেছিল কাতালুনিয়ার দলটি। পরের তিন ম্যাচের দুটিতেই হেরে অন্যটি ড্র করেছে। গত মাসটা ভুলেই যেতে চাইছেন কোচ হ্যান্সি ফ্লিক।
জয়ে ফেরার লক্ষ্যে মঙ্গলবার মায়োর্কার মুখোমুখি হবে বার্সা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, নতুন মাসে ভালো কিছুর আশায় আছেন।
৫৯ বর্ষী ফ্লিক বলেছেন, ‘আমার জন্য স্বস্তির খবর হল, নভেম্বর শেষ হয়ে গেছে এবং আমরা ডিসেম্বরে আছি। আশা করি, ডিসেম্বর মাসটি ভালো কাটবে। এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, আমরা লিগ শিরোপা জিততে চাই এবং এজন্য সবাইকে লড়াই করতে হবে।’
‘আমরা তরুণ দল। আমাদের শিখতে হবে এবং জয়ের জন্য লড়াই করতে হবে। আমাদের গোল হজম করা যাবে না এবং এজন্য আমাদের দল হিসেবে রক্ষণ সামলাতে হবে। আক্রমণের ক্ষেত্রেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আক্রমণের দিকে মনোযোগ দিতে হবে। হয়তো দুটি বা তিনটি সুযোগ পাব এবং সেগুলো কাজে লাগাতে হবে। দিনশেষে ফুটবলে গোলটাই গুরুত্বপূর্ণ।’







