আর্থিক ভরাডুবির চূড়ান্ত ধ্বংসের হাত থেকে বার্সেলোনাকে বাঁচাতে ৫০০ মিলিয়ন ইউরো প্রয়োজন, জানিয়েছেন ক্লাবটির সহ-সভাপতি এডুয়ার্ড রোমেউ।
স্প্যানিশ গণমাধ্যমে রোমেউর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘বার্সাকে বাঁচাতে আমাদের এই পরিমাণ অর্থ দরকার।’
বার্সেলোনার আর্থিক বাজে অবস্থার কথা অজানা নয়। স্প্যানিশ জায়ান্টদের ঋণের পরিমাণ ১.৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ক্লাবটির সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ এজন্য দায়ী, এমন ইঙ্গিতও করেছেন রোমেউ। তার ভাষ্য, পরিস্থিতি যা তাতে সেটাই বোঝা যাচ্ছে। এমন অবস্থা পূর্বসূরির থেকেই এসেছে। আগে যেসব কাজ করা হয়েছিল, তা মোটেও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি।
‘সম্পদের ভারসাম্যহীনতা সবচেয়ে বেশি ক্ষতি করছে। আগেই বলেছি, কেউ যদি আমাকে ৫০০ মিলিয়ন ইউরো দিতে চায়, সেটাই আমাদের বার্সাকে বাঁচাতে পারে।’
কদিন আগে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা মন্তব্য করেছিলেন, গত বছরের বসন্তে সভাপতি নির্বাচনে জেতার পর যখন তার বোর্ড দায়িত্বে আসে তখন ‘বার্সা মারা গিয়েছিল’।
মার্চেন্ডাইজিং এবং অডিওভিজ্যুয়াল বিভাগের শেয়ার বিক্রি করে বার্সেলোনা অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে। এতে ৪০০ মিলিয়ন ইউরো ক্লাবটি পেতে পারে।








