নতুন মৌসুম শুরুর আগে ইউরোপের ক্লাবগুলো ঘর গোছাতে ব্যস্ত। দলবদলের বাজারে বাজেট ও নিয়ম মেনে কিনতে হবে ফুটবলার। আর্থিক সংকটে ভোগা বার্সেলোনা কৌশলেই এগোচ্ছে। খবর, কাতালান ক্লাবটি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গুইডো রদ্রিগেজকে দলে টানছে।
আকাশী-নীলদের ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে রিয়াল বেটিসে খেলছেন। স্প্যানিশ ক্লাবটিতে ২০২০ সালে এসে খেলেছেন ১৩২ ম্যাচ। ছয়বার পেয়েছেন গোলের দেখা। জাতীয় দল জার্সিতে ২৯ ম্যাচে করেছেন এক গোল।
৩০ বর্ষী রদ্রিগেজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির জন্য সম্মতি দিয়েছেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। বার্সার ক্রীড়া পরিচালক ডেকোকে জানিয়েছেন, দলের জন্য রদ্রিগেজকে নেয়া একটি ভালো সমাধান। তিনি এমন একজন খেলোয়াড়, যাকে পরের মৌসুমে বার্সার পরিকল্পনায় প্রয়োজন হতে পারেন।
সবকিছু ঠিক থাকলে আর্জেন্টাইন তারকার সঙ্গে দুই বছরের চুক্তি করবে বার্সেলোনা। এখন দুপক্ষের আনুষ্ঠানিক স্বাক্ষরই কেবল বাকি।








