বাংলাদেশ

লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান সম্ভব নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান সম্ভব নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ছবি: সংগৃহীত

লংমার্চ করে গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব হলে সরকারই সবচেয়ে বড় লংমার্চের আয়োজন করত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, লংমার্চ কিংবা খালি গ্যাস সিলিন্ডার প্রদর্শন করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণ সরকারকে পাঁচ বছর সময় দিয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হুমকি-ধমকি কিংবা আন্দোলনের পথে না গিয়ে বিরোধী দলগুলোর উচিত সংসদে এসে সরকারকে গঠনমূলক পরামর্শ দেওয়া।

গবেষকদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে মেধাবী ব্যক্তিরা গবেষণার সঙ্গে যুক্ত হন। কিন্তু দেশে তাঁদের যথাযথ মূল্যায়ন হয় না। শ্রেণিকক্ষে তিন-চার নম্বর বেঞ্চে বসা ব্যক্তিরা একসময় মহাপরিচালক (ডিজি) হন, অথচ গবেষকেরা যথাযথ মর্যাদা পান না। তাদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে।

চতুর্থ শিল্পবিপ্লবের পর দেশের কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, মেলা ও বাজারব্যবস্থাপনা পণ্য উৎপাদক ও ক্রেতাদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, আগের সরকারের সময়ে সঠিক জরিপ না হওয়ায় দেশের প্রকৃত জনসংখ্যা, পরিবারের সংখ্যা এবং কৃষকের সংখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

কৃষিতে আমদানিনির্ভরতা কমছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, টমেটো, কাঁচামরিচ, চিনি ও সয়াবিন তেল ছাড়া তেমন কিছু আমদানি করতে হয় না। কৃষি উৎপাদন বাড়াতে পল্লী উন্নয়ন একাডেমির মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে সার খাতে সরকারকে ২৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।

দেশের গ্যাস অনুসন্ধান ও কূপ খনন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, গত ২০ বছরে কেন নতুন গ্যাসকূপ খনন করা হয়নি, তার জবাব দিতে হবে। ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের বিষয়টি আগেই কেন বিবেচনা করা হয়নি, সেই প্রশ্নও রয়েছে। বর্তমানে ভোলার সঙ্গে গ্যাস সংযোগ তৈরির কাজ চলছে। পাশাপাশি নতুন করে ৫২টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাতে ভোট করার কোনো ইচ্ছা সরকারের নেই। পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন করার ইচ্ছা তারেক রহমানেরও নেই। সফল হয়েই ২০৩১ সালের নির্বাচনে জনগণের কাছে যাবে সরকার।

বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের মাধ্যমে উত্তরাঞ্চলকে অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে মীর শাহে আলম বলেন, পুষ্টিগুণ বাড়াতে ফর্টিফাইড বা পুষ্টিসমৃদ্ধ আটা-ময়দা বাজারজাতের জন্য নীতিমালা করা হচ্ছে। ভোজ্যতেলে ভিটামিন এ যোগ করার মতো চাল ও আটাকেও পুষ্টিসমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিষয়:গ্যাস-বিদ্যুৎ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বিরোধী দল লংমার্চ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…