অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্যাম্পবেলটাউন এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজডটকমডটএউ জানায়, স্থানীয় সময় সোমবার (১৮ মে) সন্ধ্যায় নিজেই জরুরি সেবা নম্বরে ফোন করে ঘটনাটি জানান ওই ব্যক্তি। পরে পুলিশ রেমন্ড এভিনিউ এলাকার একটি বাসায় গিয়ে ৪৬ বছর বয়সী এক নারী এবং তার ১২ ও ৪ বছর বয়সী দুই সন্তানের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, তিনজনই ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মাধ্যমে তিনটি হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহতদের পরিচয় গোপন রাখা হয়েছে তাদের পরিবারের গোপনীয়তা রক্ষার স্বার্থে।
স্থানীয়রা জানান, পরিবারটি সাধারণ ও শান্ত জীবনযাপন করত এবং শিশুদের প্রায়ই বাইরে খেলতে দেখা যেত। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ঘরে থেকে দুই সন্তানের দেখাশোনা করতেন। দুই শিশুর মধ্যে একজনের গুরুতর স্নায়বিক ও বিকাশজনিত সমস্যা ছিল। পরিবারের উপার্জনের দায়িত্ব ছিল নিহত নারীর ওপর।
প্রায় এক দশক আগে পরিবারটি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসন করে। আদালতের নথি অনুযায়ী, ঘটনার দিনই মামলাটি ক্যাম্পবেলটাউন লোকাল কোর্টে উপস্থাপন করা হলেও অভিযুক্ত ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন না। তার পক্ষে জামিনের আবেদনও করা হয়নি। আদালত আগামী ১৫ জুলাই পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক ইতিহাস বা পারিবারিক সহিংসতার রেকর্ড ছিল না এবং তিনি কখনো পুলিশের নজরে আসেননি। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত চলছে।







