দিনাজপুরে ভারতীয় সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দিনাজপুরের ভারতীয় সীমান্তে গুলির ঘটনা, সীমান্তের পাশে গাছপালা ও ফাঁকা মাঠ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে মিনহাজ (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
নিহত মিনহাজ দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। মিনহাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এবং ৯নং আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।
নিখোঁজ দুই ব্যক্তি হলেন-একই ইউনিয়নের খানপুর খুদিহারা গ্রামের লতিফুল ইসলামের ছেলে এমতাজুল (৩০) ও একই ভেতরপাড়া গ্রামের সালমানের ছেলে সাগর (২০)।
পাঁচ শুঁটকি ব্যবসায়ী বুধবার রাত পৌনে ১১টার দিকে দাইনুর বিওপির ৩১৫ নাম্বার মেইন পিলারের সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়।
এলাকাবাসী জানান, সীমান্তে বিএসএফ গুলি চালালে মিনহাজ নিহত হয়। মিনহাজের মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুরের হরহরিপুর বিওপি ক্যাম্পের অধীনে তেলিয়াপাড়া এলাকায় রয়েছে। এই ব্যাপারে দিনাজপুর-২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর অধিনায়কের ফোনে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ হয়নি।
দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন বলেছেন, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। বিএসএফ চিঠির জবাব দিয়েছে। যেকোনো মুহূর্তে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত নেয়ার সিদ্ধান্ত হবে।






