চোটের কারণে বাংলাদেশ নারী দলের গুরুত্বপূর্ণ পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা ছিটকে গেছেন আসন্ন এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ১৭ বর্ষী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৮ আগস্ট শুরু হবে নারী টি-টুয়েন্টি এশিয়া কাপের নতুন আসর।
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য প্রস্তুতির সময় ডান উরুতে চোট পান তৃষ্ণা। এমআরআই পরীক্ষায় তার গ্রেড-২ টিয়ার ধরা পড়েছে। সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।
তৃষ্ণার বদলি হিসেবে দলে ডাক পাওয়া ফারজানা এসমিনের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। এই পেসারের জন্য এটিই হতে চলেছে জাতীয় দলের সঙ্গে বড় কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম সুযোগ।
বুধবার দুপুরে এশিয়া কাপ খেলতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টে দলের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার।
বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মাগলা ও ফারজানা ইয়াসমিন।









