শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে ফিরেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ম্যাচে দেখা যাবে চনমনে এক বাংলাদেশকেই। এবং, পূর্ণ পয়েন্টের জন্য লড়াই চালিয়ে যাবে লাল-সবুজ দল, বলছেন অধিনায়ক জামাল।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে মাঠের লড়াই।
সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জামাল বললেন, ‘এবার আমরা খুব লম্বা সময় ক্যাম্প করতে পারিনি, এটা ছিল ছোট ক্যাম্প। সবমিলিয়ে ৯ দিনের মতো সময় পেয়েছি। কিন্তু আমাদের অনুশীলন খুবই ভালো হয়েছে এবং আমরা আশাবাদী।’
‘কালকের ম্যাচের জন্য আসলে সবাই অপেক্ষা করছে। ভারত ম্যাচের পর থেকেই সবাই এ ম্যাচের কথা বলছিল। আমরাও এই ম্যাচ নিয়ে আশাবাদী। আশা করি একটি চনমনে দল পাবেন এবং তিন পয়েন্টের জন্যই আমরা লড়াই করবো।’
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে স্বাগতিক দর্শকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা, টিকেট নিয়ে চলছে হাহাকার। নতুন পরিস্থিতি বেশ উপভোগ করছেন ফুটবলাররা।







