শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তৃতীয় ও শেষটিতে টসে হেরে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ। লিটন দাস বাদ পড়েছেন ম্যাচের আগেই। তার জায়গায় দলে নেয়া জাকের আলী অনিক সুযোগ পাননি একাদশে। খেলছেন ওপেনার এনামুল হক বিজয়। চোটে ছিটকে যাওয়া তানজিম হাসানের জায়গায় দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় নেয়া হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। সবমিলিয়ে তিন পরিবর্তন নিয়ে সিরিজ জয়ের মহারণে নেমেছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকালে শুরু হয়েছে মাঠের লড়াই। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে ১-১এ সমতায় দুদল। শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।
ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের বড় জয়ে এগিয়ে থাকলেও পরের ম্যাচে জয় পায়নি শান্ত বাহিনী। লঙ্কানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারলেও শেষ ম্যাচ জয় তুলে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে লাল-সবুজ দল।
ওয়ানডে ফরম্যাটে পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের বিপক্ষে কথা বলছে। ওয়ানডে সংস্করণে সব প্রতিযোগিতা মিলিয়ে লঙ্কানদের ৪৩ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ১১টিতে, ফলাফল হয়নি দুটিতে।
শ্রীলঙ্কার বিপক্ষে ছয়টি সিরিজ খেলে কেবল একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। এবার লাল সবুজের প্রতিনিধিদের সামনে আরও একটি সিরিজ জয়ের হাতছানি। শেষ ম্যাচে জয় পেলে লঙ্কানদের বিপক্ষে টানা দুই ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে স্বাগতিক দল।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও রিশাদ হোসেন।








