একদল কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮০

শেরপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে একদল কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০) ও আইজউদ্দিন (৭০) জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে একদল কুকুর উত্তেজিত অবস্থায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে থাকে। এ সময় কুকুরগুলো নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে শুরু করে। এতে অন্তত ৮০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। দুপুর ২টা পর্যন্ত কুকুরের দলটির আক্রমণ অব্যাহত ছিল।
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ জানান, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের জরুরি ভিত্তিতে জলাতঙ্কের টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ জলাতঙ্কের টিকার সরবরাহ রয়েছে।



