শ্রীলঙ্কা মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে ভালো বোলিং করেছে বাংলাদেশ। ঋতু মনির দুর্দান্ত পারফম্যান্স এবং রাবেয়া খান-মারুফা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের দুইশোর পরপরই আটকে ফেলেছে টিম টাইগ্রেস। নিগার সুলতানা জ্যোতির দলের সামনে ২০৬ রানের লক্ষ্য দিতে পেরেছে হাসিনি পেরেরার দল।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে তারা।
ওপেনিং জুটিতে ৮৫ বলে ৬৮ রানের জুটি গড়েন হাসিনি পেরেরা এবং ইমেশা দুলানি। ৪১ বলে ২৭ করে সাজঘরে ফেরেন হাসিনি। তৃতীয় উইকেট জুটিতে ইমেশার সঙ্গে ৮২ বলে ৫২ রানের জুটি গড়েন হানসিমা করুনারত্ন, তিনি আউট হন ৭১ বলে ৫৪ রান করে। ৭৭ বলে ৫২ রান করে ফেরেন ইমেশা। কাভিশা দিলহারি করেন ৩৮ বলে ৩০ রান।
বাংলাদেশের হয়ে ঋতু মনি ৩টি, নাহিদা আক্তার ২টি উইকেট নেন। সুলতানা খাতুন, সোবহানা মোস্তারি, রাবেয়া খান এবং মারুফা আক্তার ১টি করে উইকেট নেন।








