সিরিজের দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে বাংলাদেশের অস্বস্তি বাড়িয়ে চলেছে শ্রীলঙ্কা। মধ্যাহ্ন বিরতির পর যাতে নেতৃত্ব দিচ্ছেন প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস। চা বিরতির ঠিক আগে মেন্ডিসের সঙ্গী স্পিনার প্রবাত জয়সুরিয়াকে অবশ্য ফিরিয়ে দিয়েছেন সাকিব। সেঞ্চুরির আশা জাগিয়ে সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪৪ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৪৭৬ রান তুলেছে লঙ্কান দল। ফিফটি তুলে নিয়েছেন কামিন্দু মেন্ডিস, ২৮ রানে জয়সুরিয়া ফিরে গেছেন। জুটিতে তারা ৬৫ রান তুলে বিচ্ছিন্ন হন।
বিরতি থেকে ফিরে অধিনায়ক ধনঞ্জয়াকে সাজঘরে ফেরান পেসার খালেদ আহমেদ। ৭০ রানে বিরতি থেকে ফিরে আর রান যোগ করতে পারেননি আগের ম্যাচের দুই ইনিংসের সেঞ্চুরিয়ান।
সিলেট টেস্টে হারের পর চট্টগ্রাম টেস্টের প্রথমদিনটা ভালো যায়নি বাংলাদেশের। ৪ উইকেট হারিয়ে তিন শতাধিক রান পেরিয়ে চালকের আসনে থাকে শ্রীলঙ্কা। ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস না হলে চিত্রটা ভিন্ন হতেও পারত।
৪ উইকেট হারিয়ে ৩১৪ রানে প্রথমদিন শেষ করেছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে ওপেনিংয়ে ঝলক দেখানো নিশান মাদুশাকা ও দিমুথ করুণারত্নে। টাইগারদের দুর্বল ফিল্ডিংয়ে দুজনেই জীবন পেয়েছেন। পরে দুজনই ফিফটি তুলে নেন।







