সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ভরাডুবির পর বাংলাদেশের নজর এখন দ্বিতীয় টেস্টে। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিরিজের শেষ টেস্টে জয়ের বিকল্প নেই। চট্টগ্রামে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল।
চট্টগ্রামে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াল বাংলাদেশ-সাউথ আফ্রিকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। সকাল ১০টায় শুরু হয়েছে মাঠের লড়াই। মিরপুরে জিতে সিরিজে ১-০তে এগিয়ে সফরকারী দল।
বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন। অসুস্থতার কারণে নেই লিটন দাস, চোটের কারণে বাদ পড়েছেন জাকের আলী অনিক। স্পিনার নাঈম হাসানও নেই। অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। একাদশে ফিরেছেন জাকির হাসান ও পেসার নাহিদ রানা।
টেস্টে সবমিলিয়ে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-সাউথ আফ্রিকা। বাংলাদেশের জয় নেই কোনটিতে। ১২টি জিতেছে প্রোটিয়াবাহিনী। দুটি ড্র হয়েছে। ২০১৫ সালে সবশেষ বাংলাদেশ সফরে আসে দলটি। দুই ম্যাচের সিরিজে দুটিতেই ড্র করে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ।








