শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর সিরিজের দ্বিতীয়টিতেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দুই টেস্টের চার ইনিংসে শুধু চট্টগ্রামে চতুর্থ ইনিংসে ২০০ রান পার করেছে নাজমুল হোসেন শান্তর দল। সিলেটে দুই ইনিংসে ১৮৮ এবং ১৮২ রানে অলআউটের পর চট্টগ্রামে প্রথম ইনিংসে ১৭৮ রানে গুটিয়ে যায় টিম টাইগার্স। সাদা পোশাকে বাংলাদেশের এমন পারফরম্যান্সের জন্য ঘরোয়া ক্রিকেটের দিকে আঙুল তুলছেন অধিনায়ক শান্ত।
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টে লঙ্কানদের দেয়া ৫১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ পঞ্চম দিনে অলআউট হয় ৩১৮ রানে। ফিফটি হাঁকিয়ে ইনিংসে বাংলাদেশকে মোটামুটি একটা সংগ্রহ গড়ে দেন মুমিনুল হক (৫০) ও মেহেদী হাসান মিরাজ (৮১*)। দ্বিতীয় ইনিংসে তিনশ পার করতে পারলেও বাজে ব্যাটিং-বোলিংয়ে ১৯২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শান্তদের।
টেস্টে উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দিতে বললেন টাইগারদের অধিনায়ক। নাজমুল হোসেন ম্যাচ শেষে বলেছেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট, যদি উইকেটটা আরেকটু ভালো হয়, যেরকম কন্ডিশনে আমরা খেলব, যে চ্যালেঞ্জগুলো আমরা সামলাবো, তা হলে ভালো। কিন্তু আমরা যে চ্যালেঞ্জগুলো এখানে পাই, তা আমরা প্রথম শ্রেণির ক্রিকেটে পাই না।’
‘আমরা আমাদের জায়গা থেকে যদি কিছু জিনিস যুক্ত করতে পারি, যে চ্যালেঞ্জটা আমরা আন্তর্জাতিক ক্রিকেটে সামলাচ্ছি, তাহলে অবশ্যই ভালো। হ্যাঁ, যত ম্যাচ খেলব ততো উন্নতির কিছু না কিছু জায়গা তো থাকেই।’







