ক্রিকেট

‘ধারাবাহিক’ হতে বলছেন শান্ত

‘ধারাবাহিক’ হতে বলছেন শান্ত

গত কয়েকটি সিরিজ ধরে বেশ ভালো টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার পর এবার বাংলাদেশের সামনে আফগানিস্তান পরীক্ষা। এ সিরিজের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, বাংলাদেশ ভালো ক্রিকেট খেললেও উন্নতির জায়গা রয়েছে এবং ধারাবাহিক পারফরম্যান্স করতে হবে। 

শুক্রবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ভালো একটা সিরিজ কেটেছে। কিন্তু আমি বিশ্বাস করি ওটা অতীত, আর এটা নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ। তাই আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে। এখানকার কন্ডিশন নিশ্চিতভাবেই কিছুটা ভিন্ন। আমাদের কিছু খেলোয়াড় একটু আগেই চলে এসেছিল এবং একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। তাই সেটা এই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে।’

‘আমার মনে হয় গত দুই বছর ধরে আমরা বেশ ভালো ক্রিকেট খেলছি, বিশেষ করে এই সংস্করণে। একটা টেস্ট দল হিসেবে আমরা ঠিক এটাই চেয়েছিলাম। টেস্ট ক্রিকেটে নিজেদের কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে আমরা দেশেও সত্যিই খুব কঠোর পরিশ্রম করছি। আমরা আমাদের খেলাকে আরও ভালো করার চেষ্টা করছি এবং গত কয়েক বছর ধরে দল দুর্দান্ত করছে।’

বাংলাদেশের ধারাবাহিকতা ধরে রাখার কথা বলেন শান্ত, ‘আমি বিশ্বাস করি, বিশেষ করে এই সংস্করণে আমাদের দক্ষতার উন্নতি করতে এবং ভিন্ন কন্ডিশনে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হলে এখনও অনেক কাজ করা বাকি। আমাদের ধারাবাহিক হতে হবে। আমরা কিছু ভালো ক্রিকেট খেলেছি ঠিকই, তবে এখনও আমাদের অনেক কিছুতেই উন্নতির জায়গা রয়েছে।’

দলের সবাই টেস্ট ক্রিকেট কে ভালোবাসে উল্লেখ করে শান্ত আরও বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এবং বড় হওয়ার দিনগুলো থেকে আমরা সবাই টেস্ট ক্রিকেটই খেলতে চেয়েছি। আপনি যদি বেশিরভাগ ক্রিকেটারকে জিজ্ঞেস করেন, তারা সবাই আপনাকে বলবে যে তারা টেস্ট ক্রিকেট খেলতে চায়। তাই যেকোনো খেলোয়াড়ের কাছেই টেস্ট ক্রিকেট সবসময় ভীষণ স্পেশাল। সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ নিয়ে আমাদের করার কিছু নেই, তবে আমরা সবাই টেস্ট ক্রিকেট খেলতে ভালোবাসি।’

বিষয়:অস্ট্রেলিয়া আফগানিস্তান বাংলাদেশ শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…