বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে পোল্যান্ড তৃতীয় হার দেখেছে বাংলাদেশের বিপক্ষে। দলটির সেমিফাইনালের আশা শেষ। তবে আসরের সৌন্দর্য উপভোগ করছেন মধ্য ইউরোপের দেশটির খেলোয়াড়রা।
দলটির অন্যতম রেইডার ক্রিস্টিয়ান ক্রুল। মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে হারের পর কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সাথে। জানিয়েছেন, তিনি শতভাগ নিশ্চিত বাংলাদেশ চতুর্থ শিরোপা জিততে চলেছে।
‘বাংলাদেশ অনেক ভালো দল, আমরা খুশি যে তাদের বিপক্ষে ২৮ পয়েন্ট অর্জন করতে পেরেছি। তারা কঠিন প্রতিপক্ষ, আমরা কিছু ভুলও করেছিলাম। তারা খুব দ্রুত খেলে, অভিজ্ঞতা আছে।’
‘আমি শতভাগ নিশ্চিত বাংলাদেশ শিরোপা জিততে চলেছে। তারা শক্তিশালী, প্রস্তুতি ভালো, যথেষ্ট সহ্য ক্ষমতা রয়েছে, মাঠে তারা বেশ ঠাণ্ডা মাথায় খেলে। তারা যেকোনো দলকে পরাজিত করতে পারে।’
ইন্টারন্যাশনাল কাবাডিতে ভালো অবস্থানের পরও এত বড় হার সম্পর্কে বললেন, ‘পোল্যান্ডে কাবাডি এতটা জনপ্রিয় না। এশিয়ার দেশগুলো কাবাডি অনেক ভালো খেলে। অনেকগুলো ভালো দল রয়েছে যেমন- বাংলাদেশ, ভারত, ইরান। এখানে খেলতে এসে আমরা মূলত পরীক্ষা করছি, আমরা কেমন এবং কতটা ভালো করতে পারি।’
‘আমাদের দলের সবাই পেশাদার কাবাডি খেলোয়াড় না। তারা অন্য কাজ করে, কাজ শেষ করে এসে কাবাডি খেলে। আমরা এখানে সময় দেই, আমাদের জয়ের ক্ষুধা রয়েছে। নিজেদের উন্নতি করে ভালো দলকে হারানোর চেষ্টা করি।’
বাংলাদেশের কোনো তারকাকে চেনেন কি? ক্রুল বললেন, ‘সত্যি কথা বলতে আমি শুধু বাংলাদেশের কাবাডি খেলোয়াড়দের জানি। বাংলাদেশের কোনো তারকা খেলোয়াড়কে চিনি না। শুধু স্নুকার, পোলিশ ফুটবল অনুসরণ করার কারণে এটা আমার জানা নেই।’








