ক্রিকেট

টাইগার স্পিনারদের সামনে হিমশিম খাচ্ছে নিউজিল্যান্ড

Bangladeshi cricket team celebrates a wicket on the field. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladeshi cricket players celebrating a wicket during a match, with players in white uniforms on the cricket field. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাটে নেমে শুরু থেকেই হোঁচট খেয়ে চলেছে নিউজিল্যান্ড। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে। পরে আরও তিন উইকেট তুলে নিয়েছে টাইগার বাহিনী। এরমধ্যে দুই স্পিনার তাইজুল-মিরাজের শিকার চার উইকেট। বিপদেই পড়েছে সফরকারী দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩৫ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৮১ রান। উইকেটে ড্যারিল মিচেল ৫৩ বলে ২৮ রানে ও তাকে সঙ্গ দেয়া কাইল জেমিসনের ব্যাট থেকে এখনও কোনো রান আসেনি।

মিরাজ-তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে ভুগছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ব্যাটিং দেখেও এমনই মনে হচ্ছিল। তার ভোগান্তির ইতি টানেন তাইজুল। বাঁহাতি স্পিনারের বল ব‍্যাটের কানা ছুঁয়ে প‍্যাডে লেগে ক্যাচ হয় শাহাদাত হোসেনের তালুতে। ৭৬ বলে ২২ রান করে আউট হন কনওয়ে।

এরপর আবারও উচ্ছ্বাসে মেতে ওঠেন তাইজুল। এবার সাজঘরে ফেরত পাঠান উইকেটরক্ষক-ব্যাটার টম ব্লান্ডেলকে। তার ব্যাটে এসেছে ১৬ বলে ৬ রান। দলীয় ৬০ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা কিউইবাহিনী।

পরে নাঈম হাসানের দুর্দান্ত একটি বল টার্ন নিয়ে ভেতরে ঢোকায় ব্যাটে লাগাতে পারেননি গ্লেন ফিলিপস। বল প্যাডে লাগলে এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। টিভি আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। ১২ রান করে সাজঘরে ফেরেন ফিলিপস।

এর আগে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে কিউই ওপেনার ল্যাথামের উইকেট তুলে নেন টাইগার পেসার শরিফুল। ওভারের ষষ্ঠ বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন এ বাঁহাতি। ৬ বল খেলে রানের খাতা খোলার আগেই ফেরেন তিনি।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা উইলিয়ামসনকে থিতু হতে দেননি তাইজুল ইসলাম। দারুণ এক ডেলিভারিতে বাঁহাতি স্পিনার এলবিডব্লিউ করেন অভিজ্ঞ টপঅর্ডার ব্যাটারকে। ২৪ বলে দুই চারে ১১ রান করে যান উইলিয়ামসন।

টাইগারদের হয়ে তৃতীয় উইকেট তোলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সুইপ খেলতে গিয়ে ব্যাটের কানায় বল লাগিয়ে ক্যাচ দেন নিকোলস। সহজেই লুফে নেন নাঈম হাসান। ৮ বলে ২ রান আসে তার ব্যাটে।

বাংলাদেশের হয়ে তাইজুল একাই নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল, মিরাজ ও নাঈম।

বৃহস্পতিবার কিউইদের চেয়ে ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ২১২ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল টিম টাইগার্স। শুক্রবার শেষ করেছে ৩৩৮ রানে। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩১০ রানের জবাবে ৩১৭-তে থেমেছিল সফরকারীদের প্রথম ইনিংস। জয়ের জন্য কিউইদের ৩৩২ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক দল।

বিষয়:উইলিয়ামসন তাইজুল বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট মেহেদী হাসান মিরাজ সিলেট টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…