মিরপুরে বল হাতে আগুন ঝরালেন নাহিদ রানা। ওয়ানডেতে দ্বিতীয়বার ফাইফারের দেখা পেয়েছেন টাইগার পেসার। তার বিধ্বংসী বোলিংয়ে দুইশ রানের আগে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। পরে তানজিদ তামিমের ৭৬ এবং নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে টিম টাইগার্স। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এখন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় কিউইরা। জবাবে ৩৫.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।
রানতাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারের শেষ বলে ৮ রানে আউট হন সাইফ হাসান। ২১ রানে দ্বিতীয় উইকেট হারায় টিম টাইগার্স। ১১ বলে ৮ রান করে ফেরেন সৌম্য সরকার। তৃতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিম।
২২.২ ওভারে তানজিদ আউট হলে জুটি ভাঙে। ১০ চার ও ৪ ছক্কায় ৫৮ বলে ৭৬ রান করে যান তানজিদ। ১৫৪ রানে লিটন দাস আউট হন। ১১ বলে ৭ রান করে। দলীয় ১৬৭ রানে শান্ত উঠে যান। ২ চার ও ৫ ছক্কায় ৭১ বলে ৫০ রান করে রিটায়ার্ড নটআউট হয়ে ডাগআউটে ফেরেন।
এরপর তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ মিলে জয় নিশ্চিত করেন। হৃদয় ৩১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন, সঙ্গী মিরাজ করেন ২৫ বলে ৮ রান।
কিউইদের হয়ে জেডিন লিনক্স ২ উইকেট নেন। নাথান স্মিথ ও উইলিয়াম ও’রোর্ক নেন একটি করে উইকেট।
এর আগে সফরকারীদের হয়ে সর্বোচ্চ রান করেন নিক কেলি। ১৪ চারে ১০২ বলে ৮৩ রান করেন। বাকিদের কেউ ১৯ রানের বেশি দিতে পারেননি। ৩৪ বলে ১৯ রান করেন মুহাম্মদ আব্বাস। শেষদিকে ২৩ বলে ১৮ রানে অপরাজিত থাকেন নাথান স্মিথ। ডিন ফক্সক্রফট ১৫, টম ল্যাথাম ১৪ এবং হেনরি নিকোলস ১৩ রান করেন।
টাইগার পেসার নাহিদ রানা ৩২ রানে ৫ উইকেট নেন। শরিফুল ইসলাম নেন ২ উইকেট। তাসকিন, সৌম্য ও রিশাদ একটি করে উইকেট নেন।








