ফুটবল

আসছে না ব্রুনাই, সিশেলসের বিপক্ষে দুই ম্যাচ সিলেটে

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন, খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনের জন্য মাঠে প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন খেলোয়াড় ট্রেনিং সরঞ্জাম ব্যবহার করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রুনাই ও সিশেলসকে নিয়ে দেশের মাটিতে ট্রাইনেশন কাপ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে তা আর হচ্ছে না। অনিবার্য কারণ দেখিয়ে বাংলাদেশে আসছে না ব্রুনাই। ফলে সিশেলসের বিপক্ষে দুই ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল। আগামী ২৫ ও ২৮ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

মঙ্গলবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

‘এই মাসের ফিফা উইন্ডোতে বাংলাদেশ, ব্রুনাই ও সিশেলসকে নিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, বাফুফেকে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে বাংলাদেশ ও সিশেলসকে নিয়ে দুটি ম্যাচ আয়োজন করতে হচ্ছে। কেননা, ব্রুনাই জাতীয় ফুটবল দল অনিবার্য কারণে বাংলাদেশে আসতে পারছে না, সেটা তারা অফিসিয়ালি বাফুফেকে জানিয়েছে।’

‘ব্রুনাই না আসলেও ফিফার আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশে আসবে সিশেলস। দেশটির বিপক্ষে দুটি খেলা হবে। আর তারা নির্ধারিত সময়েই ঢাকায় আসবে।’ – বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক।

বর্তমানে সৌদি আরবে অনুশীলনে সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার মালাউইয়ের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। মার্চের শেষ সপ্তাহে দেশে ফিরেই সিলেটে যাবে বাংলাদেশ দল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯২তম স্থানে আছে। লাল-সবুজের দলের চেয়ে ৯ ধাপ পিছিয়ে থাকা সিশেলসের র‍্যাঙ্কিং ১৯৯। ১৯০তম স্থানে আছে ব্রুনাই।

বিষয়:জামাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল ব্রুনাই সিশেলস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…