গত আসরের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের অন্যতম ভরসা ছিলেন ফরোয়ার্ড শ্রীমতি কৃষ্ণারাণী সরকার। ভেতরে কিছু দিন খারাপ গেলেও এবারের আসরের আগে দলে ফিরেছেন এ তারকা। চোট কাটিয়ে দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, জানিয়েছেন চোটের খবর।
টুর্নামেন্ট ‘এ’ গ্রুপে বাংলাদেশ, সঙ্গী ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। ২৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতের।
সকালে অনুশীলন শেষে কৃষ্ণারাণী সরকার জানিয়েছেন, ‘সবার আগে ধন্যবাদ দিতে চাই সৃষ্টিকর্তাকে, কারণ তার চাওয়াতেই হয়তো আবার জাতীয় দলে ফিরে আসতে পেরেছি। যারা আমার খারাপ সময়ে পাশে ছিল তাদেরও ধন্যবাদ জানাতে চাই। দুইটা বছর অনেক পরিশ্রম করেছি, দলের সদস্যসহ অনেকেই আমাকে সমর্থন করেছে।’
‘যেহেতু অনেক দিন পর, ওদের সাথে তাল মেলাতেও একটু কষ্ট হয়েছে কারণ দীর্ঘ দিন চোটে ছিলাম। তারপরও নিজেকে মানিয়ে নিয়েছি। চোটের অবস্থা এখন ভালো, আমার পায়ে কোনো ব্যথা নেই। আমি আগের মত খেলতে পারছি, দৌড়াতে পারছি।’
সাফ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচের লড়াই শুরু হবে ‘এ’ গ্রুপের দুদল পাকিস্তানের মেয়েদের সাথে ভারতের মেয়েদের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায়। এই গ্রুপেই আছে বাংলাদেশ।








