মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ। এমন উত্তাপের মাঝেই যুব বিশ্বকাপে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। সে ম্যাচে টসের পর হাত মেলাননি দুদলের অধিনায়ক।
জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে শনিবার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাহাত্রে ও বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার টসের পর হাত মেলাননি। কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হয়নি তা পরিষ্কার নয়।
নিয়মিত অধিনায়ক অধিনায়ক আজিজুল হাকিম তামিমের জায়গায় এদিন টস করতে আসেন জাওয়াদ। টসের কয়েন ছিল আয়ুশের হাতে। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে শূন্যে কয়েন ছোড়েন তিনি। আবরার টেল বলেন এবং বাংলাদেশ টস জেতে। এরপর দুজনই এড়িয়ে যান হাতমেলানো।
Toss news 🗞️#TeamIndia will bat first in their second group game 🆚 Bangladesh!️#ICCMensU19WC | #INDvBAN 👉 LIVE NOW ➡️ https://t.co/DGP23ftABG pic.twitter.com/5hZ9PFHbFL
— Star Sports (@StarSportsIndia) January 17, 2026
গত বছরের এশিয়া কাপ থেকে ভারত ও পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে এমন দৃশ্য ছিল নিয়মিত। ওই টুর্নামেন্টে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি। ভারতের অন্য ক্রিকেটারেরাও ম্যাচ শেষে একই পথে হাঁটেন। পরে ভারত-পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেট এবং নারী ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছে। এবার তাতে যুক্ত হলো বাংলাদেশের নাম।







