ঢাকার ফার্মেসিতে পাওয়া যাবে ডানো ল্যাক্টো রিডিউসড দুধ

ছবি: সংগৃহীত
ল্যাকটোজ হজমে সমস্যা হয় এমন ভোক্তাদের জন্য তৈরি ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার এখন থেকে ঢাকার বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যাবে। পণ্যটির সরবরাহ সহজ করতে ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যসেবা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে আরলা ফুডস বাংলাদেশ।
গতকাল বুধবার ৪ নভেম্বর দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। চুক্তি অনুযায়ী, ঢাকার বিভিন্ন ফার্মেসিতে ডানো ল্যাক্টো রিডিউসডের একমাত্র পরিবেশক হিসেবে কাজ করবে ফার্মা সল্যুশন্স বাংলাদেশ। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও পণ্যটির সরবরাহ বাড়ানো হবে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি, হেড অব সেলস মাহের-ই-খোদা এবং হেড অব মার্কেটিং, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি আনোয়ারুল আমিন উপস্থিত ছিলেন। ফার্মা সল্যুশন্স বাংলাদেশের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান একরাম হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লব চক্রবর্তী এবং হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস অশোক কুমার চক্রবর্তীসহ অন্য কর্মকর্তারা।
আরলা ফুডস বাংলাদেশের তথ্য অনুযায়ী, সাধারণ ফিলড মিল্ক পাউডারে ল্যাকটোজের পরিমাণ প্রায় ৩৬ শতাংশ। ডানো ল্যাক্টো রিডিউসডে তা কমিয়ে প্রায় ৩ শতাংশ করা হয়েছে। তবে এতে দুধের প্রয়োজনীয় পুষ্টি উপাদান অক্ষুণ্ন রাখা হয়েছে। পণ্যটিতে রয়েছে প্রোটিন, ভিটামিন এ ও ভিটামিন ডি৩। প্রতিষ্ঠানটির দাবি, এটি বাংলাদেশের প্রথম ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার।
দুধে থাকা ল্যাকটোজ একধরনের শর্করা। অনেকের শরীরে এটি হজমে সমস্যা হয়। ফলে দুধ পান করলে পেট ফাঁপা, গ্যাস ও পেটে অস্বস্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। এসব ভোক্তার কথা বিবেচনা করেই পণ্যটি তৈরি করা হয়েছে।
আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি বলেন, হজমের অস্বস্তির কারণে ভোক্তারা যেন প্রয়োজনীয় দুগ্ধজাত পুষ্টি থেকে বঞ্চিত না হন, সেটিই তাদের লক্ষ্য। ফার্মেসির মাধ্যমে সরবরাহের ফলে সহজপাচ্য ও পুষ্টিকর দুধের বিকল্প খুঁজছেন এমন ভোক্তাদের কাছে পণ্যটি আরও সহজলভ্য হবে।
ফার্মা সল্যুশন্স বাংলাদেশের চেয়ারম্যান একরাম হোসেন বলেন, ঢাকাজুড়ে পণ্যটি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে তাদের স্বাস্থ্যসেবা পণ্য বিতরণ নেটওয়ার্ক কাজে লাগানো হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য এলাকাতেও সরবরাহ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।






