বাংলাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপে এক পুলিশ আহত

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপে এক পুলিশ আহত

ছবি: সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার সময় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক কনস্টেবল এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে আর্মি গলফ ক্লাবসংলগ্ন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপকমিশনার আখতার হোসেন তিনজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে কুর্মিটোলা হাসপাতালের সামনের সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা মিছিল করছিলেন। এ সময় পুলিশ তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করে।

আহত কনস্টেবল এনামুল ক্যান্টনমেন্ট থানার টহল গাড়ি ‘গলফ ক্লাব ৮৩’এর চালক। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন।

ককটেল বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তার জন্য এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয়:কনস্টেবল আহত কুর্মিটোলা ছাত্রলীগের মিছিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…