তিন বছর পর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ

তিন বছর পর আবারও শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘প্রথম বিভাগ হকি লিগ- ২০২৩’। ২০২৬ সালে এসে তিন বছর আগের লিগটি বসতে যাচ্ছে। এবারের আসরে হকি লিগে মোট ১১টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। দীর্ঘ বিরতি দিয়ে আসর শুরু হওয়ায় দেশি খেলোয়াড়দের প্রাধান্য দেয়া হচ্ছে বেশি। এজন্য বিদেশি কোটার খেলোয়াড় এ আসরে দেখা যাবে না।
সেরা খেলোড়ার এবং সেরা গোলদাতার জন্য থাকছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা। বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আসরে সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়। বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রথম বিভাগ হকি লিগ কমিটি‘র-২০২৩ (২০২৬) সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী।
এবারের আসর অংশগ্রহণ করতে যাওয়া দলগুলো- ওয়ারি ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি এসসি, কমবাইন্ড এসসি, মুক্ত-বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশুকিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স, রায়েরবাজার এসসি, ঢাকা ইয়ং স্টার ক্লাব। ১১টি ক্লাবের মধ্যে ছয়জন সদস্য এমন রয়েছে যারা বর্তমান এডহক কমিটির সদস্য।
আগামী ১০ অক্টোবর থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে হকি লিগ। দুপুর আড়াইটায় প্রধান অতিথি হিসেবে আসরের উদ্বোধন করবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সংবাদ সম্মেলনে জানানো হয় , লিগের খরচ বহন করবে ফেডারেশন। সবচেয়ে বাজে খবর হলো এবারের আসরে কোনো স্পন্সর নেই। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি আগামী মৌসুমের জন্য প্রিমিয়ার লিগ ‘এ’তে প্রমোশন পাবে। অন্যদিকে পয়েন্ট তালিকার সর্বনিম্নে থাকা দলটির রেলিগেশন (অবনমন) হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আশরাফুল আলম বাবলু ও আম্পায়ার্স বোর্ডের সম্পাদক নাজিরুল ইসলাম নাজু।






